
কাটিহার, ২৪ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বিহারের কাটিহার জেলার আজমনগর ব্লকের প্রসিদ্ধ বাবা গোরক্ষনাথ ধামে জলাভিষেক করতে আসা লক্ষাধিক কাঁওয়ারিয়া ভক্তের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হল। বিহার সরকারের পর্যটন দফতরের উদ্যোগে শিবভক্তদের স্বাগত জানাতে আকাশপথে এই বিশেষ পুষ্পবৃষ্টির আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে মন্দির চত্বরের উপর দিয়ে হেলিকপ্টার উড়ে যায়। সেখান থেকেই কাঁওয়ারিয়া পথ ও মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের উপর গোলাপ ও গাঁদা ফুলের পাপড়ি ছড়ানো হয়। মুহূর্তেই ‘হর হর মহাদেব’ ও ‘বোল বম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা ধাম চত্বর। মনিহারি গঙ্গাঘাট থেকে পবিত্র উত্তরবাহিনী গঙ্গাজল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে গোরখনাথ ধামে পৌঁছনো ভক্তদের কাছে এই অভ্যর্থনা ছিল বিশেষ আবেগের মুহূর্ত।
শেষ সোমবারকে কেন্দ্র করে বিপুল ভিড়ের কথা মাথায় রেখে জেলা প্রশাসন ও পুলিশ-প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কাঁওয়ারিয়া পথ থেকে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশকর্মী ও প্রশাসনিক আধিকারিকদের মোতায়েন রাখা হয়। ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভক্তদের জলাভিষেক সম্পন্ন হয়।
শিবভক্তদের জন্য রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগে ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানের প্রশংসাও করেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য