
ঝাড়্গ্রাম, ২৪ আগস্ট (হি.স.): খড়্গপুর টাটা নগর ডিভিশনের গিধনী পর্যন্ত ট্রেন চালানো এবং বেহাল রেল আন্ডারপাসের সমস্যা মেটাতে খড়গপুরের ডিআরএমের সঙ্গে দেখা করলেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু। বিনপুর বিধানসভা এলাকার মানুষের যাতায়াতের সমস্যা নিয়ে সোমবার ডিআরএমের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। বিধায়কের দাবি, ঝাড়গ্রাম সাঁতরাগাছি ট্রেনটি যেন গিধনী স্টেশন পর্যন্ত চালানো হয়। গিধনী ও আশপাশের এলাকার বহু মানুষ প্রতিদিন কাজ, পড়াশোনা, চিকিৎসা-সহ বিভিন্ন প্রয়োজনে ট্রেনে যাতায়াত করেন। কিন্তু পর্যাপ্ত ট্রেন পরিষেবা না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। ট্রেনটি গিধনী পর্যন্ত চালু হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলে জানান বিধায়ক।
এর পাশাপাশি গিধনীর রেল আন্ডারপাসের সমস্যার কথাও ডিআরএমের কাছে তুলে ধরেন প্রণত টুডু। দীর্ঘদিন ধরে আন্ডারপাসটি মেরামতের প্রয়োজন রয়েছে। বিশেষ করে বর্ষার সময়ে সেখানে জল জমে যায়। ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। তাই আন্ডারপাসটি দ্রুত মেরামতের পাশাপাশি প্রয়োজন হলে নতুন করে তৈরির দাবিও জানিয়েছেন তিনি।বিধায়ক জানান, বিনপুর এলাকার মানুষের সুবিধার জন্য রেল যোগাযোগ আরও ভালো করা প্রয়োজন। সেই কারণেই রেল কর্তৃপক্ষের কাছে এই সমস্যাগুলি তুলে ধরা হয়েছে। গিধনী পর্যন্ত ট্রেন চালু এবং আন্ডারপাসের স্থায়ী সমাধান হলে এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই কমবে। এখন রেল কর্তৃপক্ষ এই দাবিগুলির বিষয়ে কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো