
আগরতলা, ২৪ আগস্ট (হি.স.) : বিদ্যুতের ট্রান্সফরমারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি মুদির দোকান। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আগরতলায় চন্দ্রপুর মাছ বাজার এলাকায়। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাতের অন্ধকারে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, চন্দ্রপুর মাছ বাজারের পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারে গভীর রাতে আচমকাই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে শট সার্কিট থেকেই এই বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পরপরই ট্রান্সফরমার সংলগ্ন এলাকায় আগুনের লেলিহান শিখা দেখা যায়।
ট্রান্সফরমারের একেবারে পাশেই ছিল বিকাশ চন্দ্র দত্তের মুদির দোকান। মুহূর্তের মধ্যেই আগুন দোকানটিতে ছড়িয়ে পড়ে। গভীর রাত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে আগুনের গ্রাসেসর ছাই হয়ে যায় ট্রান্সফরমার সংলগ্ন মুদির দোকানটি। দোকানের ভিতরে থাকা বিভিন্ন সামগ্রীও আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার দমকল বিভাগের এক আধিকারিক অগ্নিকাণ্ডের ঘটনাটিহট নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ট্রান্সফরমারে শট সার্কিটের জেরেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গভীর রাতে বিকট বিস্ফোরণ এবং পরবর্তী অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চন্দ্রপুর মাছ বাজার ও সংলগ্ন এলাকায়। আচমকা আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। ঘটনায় দোকান মালিক বিকাশ চন্দ্র দত্তের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিদ্যুতের ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নও উঠতে শুরু করেছে এলাকায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ