
এলুরু, ২৪ আগস্ট (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সোমবার অন্ধ্রপ্রদেশের মুসুনুরুতে ‘গুরমেট পপকর্নিকা’ দ্বারা উদ্ভাবিত ভারতের প্রথম নন-জিএমও, উচ্চফলনশীল পপকর্ন ভুট্টার হাইব্রিড বীজের সূচনা করেছেন। তিনি একে কৃষিক্ষেত্রে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আমদানি-নির্ভরতা হ্রাস এবং কৃষকদের আয় বৃদ্ধির ক্ষেত্রে প্রযুক্তি, উদ্ভাবন ও দেশীয় বীজ উন্নয়নের গুরুত্বের ওপর তিনি আলোকপাত করেন।
উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, ‘আত্মনির্ভর ভারত’ গড়ে উঠবে একেবারে তৃণমূল স্তর থেকে—আমাদের কৃষকদের মাটি এবং আমাদের বিজ্ঞানী ও উদ্যোক্তাদের নিখুঁতভাবে তৈরি বীজের ওপর ভিত্তি করে; আর এই স্বনির্ভরতা শক্তিশালী হবে প্রতি একর জমির উন্নয়নের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন অন্ধ্রপ্রদেশের মুসুনুরুতে অবস্থিত ‘গুরমেট পপকর্নিকা’ কারখানা ও কোল্ড স্টোরেজ পরিদর্শন করেন। সেখানে তাঁকে গুণমান নিয়ন্ত্রণ, প্যাকেজিং ও সংরক্ষণ কার্যক্রম-সহ ভুট্টা প্রক্রিয়াজাতকরণের সামগ্রিক প্রক্রিয়া বা ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ