
নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.): লাগাতার ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী দিল্লির একাধিক এলাকা। সোমবারের পর মঙ্গলবার সকালেও রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েছেন দিল্লিবাসী। মুষলধারে বৃষ্টিতে দিল্লির মোতিবাগ এলাকায় রাস্তায় জল জমে যায়। এর ফলে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন।
ভারী বৃষ্টির পর দিল্লির বাবা খড়ক সিং মার্গে প্রায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। মঙ্গলবার সকাল থেকেই তুমুল বৃষ্টি শুরু হয় দিল্লি-এনসিআর জুড়ে। মুষলধারে বৃষ্টিতে নানা স্থানে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। আর কে পুরম, এইমস চত্বর, বিকাজী কামা প্লেস সর্বত্রই তুমুল বৃষ্টি হয়। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। বৃষ্টির জন্য মহিপালপুরের কাছে এনএইচ-৪৮-এ ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, যা দিল্লি-গুরুগ্রাম রুটে প্রভাব ফেলেছে।
ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে দিল্লিতে। সকাল থেকেই রাজধানীর বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। কয়েকটি জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে মধ্য দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, শাহদরা, দক্ষিণ দিল্লি, দক্ষিণ-পূর্ব দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি এবং পশ্চিম দিল্লিতে। সোমবার থেকে ১৮টি বিমান বাতিল করা হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এ ছাড়াও ১৬৬টি বিমান ওঠানামায় দেরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ