
সারণ, ২৬ আগস্ট (হি.স.) : বিহারের সারণ জেলার কোপা থানা এলাকার খোরোডিহ ঘোঘওয়ালিয়া চাঁওর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি এতটাই পচে গিয়েছে যে অনেকটা কঙ্কালের মতো হয়ে গেছে।
বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁওরে ভেড়া চরাতে যাওয়া কয়েকজন রাখাল প্রথমে দেহটি দেখতে পান। তাঁরাই বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোপা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।
বুধবার পুলিশ জানিয়েছে, মৃতের পরনে ছিল হাফ শার্ট ও জিনসের প্যান্ট। ঘটনাস্থল থেকে একটি হাওয়াই চপ্পল এবং রক্তমাখা গামছাও উদ্ধার হয়েছে। এই কারণে ঘটনাটি ঘিরে রহস্য তৈরি হয়েছে। ঘটনার তদন্তে ফরেনসিক দলের সাহায্য নেওয়া হয়েছে। পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও নমুনা সংগ্রহ করছেন। কোপা থানার পুলিশ জানিয়েছে, তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস