
পুঞ্চ, ২৬ আগস্ট (হি.স.): পুঞ্চ শহরের প্রাচীন দশনামি আখড়া মন্দির থেকে বুধবার বুঢ়া অমরনাথ মন্দিরের উদ্দেশে পবিত্র ছড়ি যাত্রা বের হয়। ভগবান শিব ও দেবী পার্বতীর প্রতীক হিসেবে পূজিত এই পবিত্র ছড়ি যাত্রায় দশনামি আখড়া রাজগুরু গদ্দির বর্তমান মহন্ত মহামণ্ডলেশ্বর ১০০৮ স্বামী বিশ্বাত্মানন্দ সরস্বতী মহারাজের নেতৃত্বে ২০ হাজারেরও বেশি ভক্ত অংশ নেন। ‘বম বম বোলে’ ও ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
যাত্রার আগে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পবিত্র ছড়ির বিধিবদ্ধ পুজো করা হয়। এরপর ছড়ি মন্দিরের বাইরে নিয়ে আসা হলে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে পুলিশ ব্যান্ডের সুরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বুঢ়া অমরনাথ মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু হয়।
ছড়ি যাত্রায় উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী-সহ একাধিক বিশিষ্ট নেতা এবং পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও অংশ নেন। সন্ধ্যার দিকে পবিত্র ছড়ি বুঢ়া অমরনাথ মন্দিরে পৌঁছবে। সেখানে ফের পুলিশি অভিবাদনের পর ছড়ির পুজো করা হবে এবং তা ভগবান ভোলানাথের স্বয়ম্ভূ শিবলিঙ্গে স্থাপন করা হবে।
এর সঙ্গে মন্দিরে তিন দিনব্যাপী রাখিবন্ধন, দর্শন, পুজো এবং মেলার সূচনাও হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য