
গরিয়াবন্দ, ২৭ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি এক যুবক বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে গরিয়াবন্দ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রায়পুরে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধামতারির বাসিন্দা ওই যুবককে নেশার আসক্তি থেকে মুক্ত করার জন্য ঘটনার এক দিন আগে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। বুধবার সন্ধ্যায় তিনি বাথরুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের না হওয়ায় কেন্দ্রের কর্মীদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা ভেঙে যুবককে উদ্ধার করে। এরপর তাঁকে দ্রুত গরিয়াবন্দ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে রায়পুরে রেফার করেন।
ঘটনার খবর পেয়ে সমাজকল্যাণ দফতরের আধিকারিকরাও নেশামুক্তি কেন্দ্রে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নেন। ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন তাঁরা। তবে যুবক কেন এমন পদক্ষেপ করলেন, তা এখনও স্পষ্ট নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস