
আগরতলা, ২৭ আগস্ট (হি.স.) : গাঁজা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। রুটিন তল্লাশির সময় এক যুবকের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল সাড়ে ১০ কেজি গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম ওমর ফারুক (২০)। তার বাবার নাম আব্দুল মতিন। বাড়ি সোনামুড়া মহকুমার বেজিমারা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আগরতলা রেল স্টেশনে নিয়মিত অভিযান চালাচ্ছিলেন জিআরপি থানার এসআই মঙ্গল দেববর্মা ও তাঁর সঙ্গে থাকা পুলিশকর্মীরা। অভিযান চলাকালীন স্টেশনে এক যুবকের গতিবিধি পুলিশের নজরে আসে। তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় এসআই মঙ্গল দেববর্মা ওই যুবককে আটক করেন এবং বিষয়টি জিআরপি থানার ঊর্ধ্বতন আধিকারিকদের জানান। খবর পেয়ে জিআরপি-র আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের সঙ্গে থাকা ট্রলি ব্যাগে তল্লাশি চালান। তল্লাশির সময় ব্যাগের ভিতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। ওজন করে দেখা যায়, মোট সাড়ে ১০ কেজি গাঁজা রয়েছে। এরপরই পুলিশ ওমর ফারুককে গ্রেফতার করে এবং তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা গ্রহণ করে।
জিআরপি থানার আধিকারিক জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাঁজা নিয়ে ওই যুবক রেলপথে অন্যত্র পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে গাঁজার উৎস এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ধৃত ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ করে এই গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, পাচারচক্রের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র রয়েছে কিনা এবং গাঁজার উৎস কোথায়—এসব বিষয় জানার চেষ্টা করা হবে। আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে মাদক পাচারের বিরুদ্ধে জিআরপি পুলিশের নজরদারি ও অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ