
কলকাতা, ২৮ আগস্ট (হি. স. ) : বৃহস্পতিবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে কলকাতা পুরসভা ও পুলিশের তরফে জোর করে ঢুকে যেভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড খুলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে রাতারাতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস।
শুক্রবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। লাইভ করে পুরসভা ও পুলিশের বিরুদ্ধে বিজেপির দলদাস হিসেবে কাজ করার অভিযোগ করেছিলেন অভিষেক। বৃহস্পতিবার রাতেই ইমেল মারফত হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়।
মমতাপন্থী তৃণমূলের অভিযোগ মূলত কলকাতা পুরসভার অতি সক্রিয়তার দিকে। দলের অফিসে যে ব্যানার বা হোর্ডিং ছিল, সেটা যদি সরাতে হয়,সেটা যদি অবৈধ হয় সেসম্পর্কে আগে থেকে কালীঘাট তৃণমূলকে জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু পুরসভা সেটা করেনি বলে অভিযোগ করেন অভিষেক।
এরপরই মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তৃণমূল কংগ্রেস সূত্রে পাওয়া খবর অনুযায়ী যেহেতু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অনুমতি দিয়েছেন সেই কারণে বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে গোটা ঘটনার দৃষ্টি আকর্ষণ করা হবে
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত