
কাঠমান্ডু, ২৮ আগস্ট (হি. স. ) : হিমবাহ ধসের জেরে সৃষ্টি হওয়া বিধ্বংসী হড়পা বানে নেপালের বিভিন্ন অঞ্চলে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। হাজারেরও বেশি মানুষের নিখোঁজ থাকার খবরের মধ্যেই উদ্ধার হওয়া শত শত দেহ সংরক্ষণ ও শনাক্তকরণ নিয়ে চরম সংকটে পড়েছে নেপাল প্রশাসন। এই অবস্থায় বেওয়ারিশ লাশ চিনতে কিউআর কোড-এর ব্যবস্থা করছে নেপাল পুলিশ।
সূত্রের খবর, তিব্বত ও নেপাল সীমান্ত থেকে ভেসে আসা দেহগুলি নুওয়াকোট, চিতবন, তানাহুন এবং পরাসী (নওয়ালপরাসী পূর্ব) জেলা থেকে উদ্ধার করা হচ্ছে। চিতবন জেলাতেই ত্রিশূলী ও নারায়ণী নদীর সংযোগস্থল থেকে ১৩৭টিরও বেশি দেহ উদ্ধার করা হয়েছে।
ভোটেকোশি ও ত্রিশূলী নদীর প্রবল স্রোতে ভেসে আসা শত শত দেহ উদ্ধার হওয়ার পর একের পর এক জেলার সরকারি হাসপাতাল ও মর্গের ধারণক্ষমতা শেষ পর্যায়ে পৌঁছেছে।
স্থানীয় হাসপাতাল মর্গে ৩০ থেকে ৫০টি দেহ রাখার জায়গা থাকায় ভরতপুরের একটি পরিত্যক্ত সরকারি ভবনকে আড়াইশো দেহ ধারণের উপযোগী অস্থায়ী মর্গে রূপান্তরিত করার কাজ শুরু করেছে প্রশাসন।
পচন রোধে এয়ার কন্ডিশনার ও ড্রাই আইসের ব্যবস্থা করা হলেও, চাপ বাড়তে থাকায় দেবঘাটের বৈদ্যুতিক শ্মশানঘাটকেও বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত