
নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.) : হালদ্বানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কর্মসূচির পর কথিত ‘শুদ্ধিকরণ’ ঘটনাকে কেন্দ্র করে উত্তরাখণ্ড সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিষয়টিতে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। রাহুলের দাবি, ঘটনার প্রায় ২০ দিন পেরিয়ে গেলেও এখনও এফআইআর দায়ের হয়নি। ঘটনাটিকে অস্পৃশ্যতার সঙ্গে যুক্ত করে তাঁর অভিযোগ, সংবিধান এই ধরনের আচরণ অনুমোদন করে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি (এসসি-এসটি) আইনে মামলা করা উচিত।
শনিবার কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী অভিযোগ করেন, হালদ্বানির রামলীলা ময়দানে মল্লিকার্জুন খড়গের কর্মসূচির পর যেভাবে কথিত ‘শুদ্ধিকরণ’ করা হয়েছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় যারা দায়ী, তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া এবং এফআইআর দায়ের করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
রাহুল বলেন, দেশে দলিতদের সঙ্গে বৈষম্য ও অপমানের ঘটনা এখনও বিভিন্নভাবে সামনে আসে। সংবিধান অস্পৃশ্যতা ও বৈষম্যকে বেআইনি ঘোষণা করেছে। কিন্তু সামাজিক স্তরে এই মানসিকতা এখনও পুরোপুরি দূর হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরাসরি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে রাহুল বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। ঘটনার পর এতদিন কেটে গেলেও এফআইআর না হওয়া উদ্বেগের বিষয়। ব্যবস্থা না নেওয়া হলে ন্যায়বিচারের দাবিতে কংগ্রেসের লড়াই চলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য