
কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : কলকাতায় সিআইআই-এর ৩৭তম পূর্বাঞ্চলীয় কর্মদক্ষতা প্রতিযোগিতার সোমবার উদ্বোধন করলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। হাওড়ার বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির (কমিউনিটি ট্রেনিং সেন্টার)-এ আয়োজিত অনুষ্ঠানে এদিন তিনি বলেন, শিল্পের বিকাশ এবং দেশের সামগ্রিক অগ্রগতির ভিত্তি হল দক্ষ মানবসম্পদ। তাঁর বক্তব্য, শুধুমাত্র আর্থিক সাফল্যের লক্ষ্য নয়, উৎকর্ষ অর্জনের মানসিকতা ব্যক্তি ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। শিল্প ও শ্রমিকের পারস্পরিক নির্ভরতার কথা উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন যে, শ্রমিকদের কল্যাণ ও স্বার্থকে গুরুত্ব দিয়েই নতুন শ্রম আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের প্রধান সচিব রাজীব কুমার। এই প্রসঙ্গে তিনি বলেন, - দক্ষ কর্মী বাহিনী মূলতঃ উৎপাদনশীলতা বৃদ্ধি, কাজের মানোন্নয়ন এবং পরিচালন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিআইআই পূর্বাঞ্চলীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন উপ-কমিটির চেয়ারম্যান তথা জেআইএস গ্রুপের ডিরেক্টর সিমারপ্রীত সিং সম্ভাব্য সংস্কার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরের করেসপন্ডেন্ট ও রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সহকারী সচিব স্বামী বেদতিতানন্দ জানান, আগামী কাল থেকে শুরু হবে এক প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং পেশাগত সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে, যা ভবিষ্যতের দক্ষ কর্মশক্তি গড়ে তুলতে সহায়ক হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত