
কলকাতা, ৩১ আগস্ট (হি. স.): ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার জাভাগল শ্রীনাথের ৫৭তম জন্মদিন উপলক্ষে সোমবার শুভেচ্ছা বার্তায় ভাসলেন এই প্রাক্তন ভারতীয় পেসার। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর তরফ থেকেও এই বিশেষ দিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।দীর্ঘ ক্রিকেটজীবনে ভারতীয় দলের হয়ে একের পর এক স্মরণীয় নজির গড়েছেন শ্রীনাথ। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৩১৫টি উইকেট। ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে তিনিই প্রথম ওডিআই-তে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। টেস্ট ক্রিকেটেও তাঁর দখলে রয়েছে ২৩৬টি উইকেট। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে টেস্টে ২০০ উইকেটের গণ্ডি টপকেছিলেন তিনি।১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩— এই চারটি ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন শ্রীনাথ। বিশ্বকাপে তাঁর মোট উইকেটের সংখ্যা ৪৪, যা জাহির খানের সঙ্গে যৌথভাবে ভারতের পক্ষে সর্বোচ্চ।তবে এত সব সাফল্যের মাঝেও মাঠের সেই দাপুটে পেসারকে সম্প্রতি দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায়। সাধারণ যাত্রীর মতো মেট্রোর কামড়ায় এক কোণে দাঁড়িয়ে সফর করতে দেখা যায় তাঁকে। নেই কোনো বিশেষ আয়োজন, নেই প্রচারের আলো পাওয়ার তাগিদ। ক্রিকেটের বাইরেও যেন তিনি এক সহজ-সরল ব্যক্তিত্বের পরিচয় দিলেন— সত্যিকারের মহান হতে গেলে কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। উল্লেখ্য, আইসিসি -র আন্তর্জাতিক ম্যাচ রেফারি এবং ভারতের অন্যতম সেরা প্রাক্তন পেসার হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ ও অনারম্বর জীবনযাপনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত