
জোধপুর, ১ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের জোধপুরের সালাওয়াস সেতুর কাছে মঙ্গলবার দুপুরে একাধিক গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ, অন্য গাড়িতে আসা কয়েকজন হামলাকারী সালাওয়াস সেতুর কাছে একটি মদের দোকানের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কারওর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর যোগ থাকতে পারে।
মঙ্গলবার বিবেক বিহার থানার আধিকারিক ভবানী সিং জানান, দুপুর সাড়ে ১২টা নাগাদ সালাওয়াস সেতুর কাছে একটি মদের দোকানের সামনে গাড়িতে ভাঙচুরের খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকর্মীদের পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মদের দোকানের কাছে দাঁড়িয়ে থাকা একটি থর গাড়ি-সহ আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা কারা এবং কোথা থেকে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনায় কেউ আহত হয়েছেন বলে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস