
ঝাড়্গ্রাম, ১০ সেপ্টেম্বর ( হি.স.): পড়ুয়াদের সচেতন করে নিরাপদ সমাজ গড়ার বার্তা দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম থানার উদ্যোগে বৃহস্পতিবার ঝাড়গ্রামের আরবিএম গভর্নমেন্ট গার্লস’ স্কুলে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন জেলা পুলিশ সুপার মানব সিংলার উদ্যোগে কমিউনিটি ও প্রতিরোধমূলক পুলিশিংয়ের অংশ হিসাবেই এই কর্মসূচি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম থানার আইসি উদয় শঙ্কর ঘোষ সহ পুলিশের একাধিক আধিকারিকেরা ও স্কুলের প্রধান শিক্ষিকা, শিক্ষক শিক্ষিকারা এছাড়াও প্রায় ২৫০ জন ছাত্রী উপস্থিত ছিল। এদিন পড়ুয়াদের সামনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন পুলিশ আধিকারিকেরা। মানব পাচার, বাল্যবিবাহ, মাদকাসক্তি, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, পথ নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা এবং পকসো আইন নিয়ে পড়ুয়াদের বিস্তারিত ভাবে বোঝানো হয়। পাশাপাশি কোনও অপরাধ বা বিপদের ঘটনা ঘটলে কী ভাবে সতর্ক থাকতে হবে, কী ভাবে তা প্রতিরোধ করা সম্ভব এবং দ্রুত পুলিশকে জানানোর বিষয় নিয়েও আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে পড়ুয়াদের জানানো হয়, অপরাধ প্রতিরোধের প্রথম ধাপ হল সচেতনতা। নিজের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার ক্ষেত্রে পড়ুয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনের প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে তুলতে এই ধরনের কর্মসূচি আরও করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের বক্তব্য, মহিলা ও শিশুদের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও মজবুত করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো