
নয়ডা, ১১ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার নয়ডার দাদরি থানার পুলিশ শুক্রবার সকালে তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, ধৃতরা গাড়ি চুরির সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে চুরি করা ১৮টি মোটরসাইকেল এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দাদরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীরজ কুমার মিশ্র জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে উপ-পরিদর্শক তেজবীর সিংয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে কলুয়া ওরফে লিয়াকত, নিতিন পণ্ডিত এবং অনমোল ভারতীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এনসিআরের বিভিন্ন এলাকা থেকে চুরি করা ১৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাঁদের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে।
পুলিশের দাবি, কোট চৌকির কাছে থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। চুরি করা মোটরসাইকেলগুলি ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ের কাছে জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদে ধৃতরা এনসিআর এলাকায় একাধিক গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস