
কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : বিশিষ্ট কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩৩তম জন্মদিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সামাজিক মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, খ্যাতানামা কথা সাহিত্যিক, ছোট গল্পকার ও ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে বাংলা সাহিত্যে অমর খ্যাতি অর্জন করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কালজয়ী উপন্যাস 'পথের পাঁচালী' এবং 'অপরাজিত' বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত। এছাড়া 'আরণ্যক', 'চাঁদের পাহাড়', 'আদর্শ হিন্দু হোটেল', 'ইছামতী' এবং 'অশনি সংকেত'-এর মতো উপন্যাসগুলি তাঁর বিশিষ্ট সৃষ্টির অন্তর্ভুক্ত।
উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস, অসাধারণ ভ্রমণকাহিনী এবং চমৎকার দিনলিপি ও অন্যান্য রচনা সৃষ্টি করেছেন। উল্লেখ্য, উত্তর ২৪ পরগণা জেলার মুরাতিপুর গ্রামে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন এই কালজয়ী কথাশিল্পী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত