
কোচবিহার, ১৩ সেপ্টেম্বর (হি.স.): কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কড়া পুলিশি পাহারায় রবিবার ভোরে বাড়ি ফেরেন। তাঁর ফেরার খবর ছড়িয়ে পড়তেই সিতাইয়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিতাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে এ দিন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। পুলিশ ও দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা সাংসদের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সাংসদ তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত ১৫ বছর ধরে দুর্নীতি করেছেন ও বিপুল সম্পত্তি করেছেন। বিক্ষোভকারীদের দাবি, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এখন বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন। উল্লেখ্য, আগে তিনি ফরওয়ার্ড ব্লকে ছিলেন, তারপর তৃণমূল কংগ্রেসে আসেন| প্রসঙ্গত, রবিবার তিনি ফেরায় সিতাইয়ের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ