ইতিবাচক চিন্তাধারায় বদলেছে ক্লাব সংস্কৃতি : মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : সরকারের ইতিবাচক চিন্তাধারার প্রসারের ফলেই রাজ্যের ক্লাব সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। শুধু রাজধানী আগরতলা নয়, রাজ্যের প্রায় ৯০ শতাংশ ক্লাবের কর্মকাণ্ডে এই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। রবিবার আগরতলায় উন্নয়ন সংঘের প্র
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : সরকারের ইতিবাচক চিন্তাধারার প্রসারের ফলেই রাজ্যের ক্লাব সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। শুধু রাজধানী আগরতলা নয়, রাজ্যের প্রায় ৯০ শতাংশ ক্লাবের কর্মকাণ্ডে এই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। রবিবার আগরতলায় উন্নয়ন সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

রাজধানী আগরতলার অন্যতম সামাজিক সংগঠন উন্নয়ন সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার ক্লাব প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, উন্নয়ন সংঘের কর্মকর্তারা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে রাজ্যের ক্লাব সংস্কৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগে যেখানে অনেক ক্লাব মূলত বিনোদনমূলক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকত, বর্তমানে বিভিন্ন ক্লাব সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছে। রক্তদান, স্বাস্থ্য সচেতনতা, সমাজসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে ক্লাব ও যুবসমাজের অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারের ইতিবাচক চিন্তাধারা ও বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রভাবেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। তাঁর দাবি, রাজধানী আগরতলায় নয়, গোটা রাজ্যেই প্রায় ৯০ শতাংশ ক্লাবের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। ক্লাবগুলিকে শুধু নিজস্ব পরিসরে সীমাবদ্ধ না থেকে সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

রক্তদানের গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই যুবসমাজকে এই মহৎ কাজে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনগুলিকেও নিয়মিত রক্তদান শিবির আয়োজনের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ক্লাবগুলিকে কেন্দ্র করে যুবকদের ইতিবাচক কাজে যুক্ত করা গেলে সমাজে অপরাধ ও বিভিন্ন নেতিবাচক প্রবণতা কমানোর পাশাপাশি একটি সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

উন্নয়ন সংঘের ৭৪ বছরের পথচলার কথাও অনুষ্ঠানে উঠে আসে। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরে ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও যুবকদেরও উৎসাহের সঙ্গে অংশ নিতে দেখা যায়। রক্তদানের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালনের এই উদ্যোগকে এলাকার মানুষের পক্ষ থেকেও স্বাগত জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande