বনকুমারীর ছিনতাই কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ছিনতাইয়ে ব্যবহৃত বাইক
আগরতলা, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় বনকুমারী এলাকায় মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় ৩৬ ঘন্টার মধ্যেই সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর
ছিনতাইকারী গ্রেফতার


আগরতলা, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় বনকুমারী এলাকায় মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় ৩৬ ঘন্টার মধ্যেই সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত বাইকটিও। তবে এখনও উদ্ধার হয়নি ছিনতাই করা সোনার অলংকার। পলাতক অপর অভিযুক্তকেও গ্রেফতারের জন্য জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে রাজধানীর বনকুমারীর অগ্রদূত ক্লাব সংলগ্ন এলাকায় ঘটে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। অভিযোগ, দুই যুবক বাইকে করে এসে জনৈক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দিনের আলোয় জনবহুল এলাকায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একই সঙ্গে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

ঘটনার পরই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে তৎপর হয়ে ওঠে পূর্ব আগরতলা থানার পুলিশ। বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহের পাশাপাশি অভিযুক্তদের গতিবিধির ওপর নজরদারি চালানো হয়। অবশেষে শনিবার রাতে ভাটি অভয়নগর এলাকায় অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের দাবি, ধৃত ব্যক্তি ওইদিন ছিনতাইয়ে ব্যবহৃত বাইকটি চালাচ্ছিল। অভিযুক্তের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বাইকটি। জানা গেছে, শনিবার রাতে বান্ধবীকে সঙ্গে নিয়ে ভাটি অভয়নগর এলাকায় ঘুরতে বেরিয়েছিল সে। সেই সময়ই পুলিশ অতর্কিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

রবিবার ধৃত অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ। ছিনতাইয়ের ঘটনার তদন্ত এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, এই ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন জেলার অপরাধীরা জড়িত রয়েছে। ধৃত অভিযুক্ত বর্তমানে বর্ডার গোলচক্কর এলাকায় ভাড়ায় থাকে। তাঁর আসল বাড়ি খোয়াইয়ের চেবরি এলাকায়। ঘটনায় জড়িত অপর অভিযুক্তও অন্য জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁকেও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে এখনও পর্যন্ত ছিনতাই করা সোনার চেইন বা অন্যান্য স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাই করা অলংকার কোথায় রয়েছে এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।

পুলিশের ধারণা, ধৃত ও পলাতক অভিযুক্তরা একটি সংঘবদ্ধ গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে। রাজধানী আগরতলা এবং আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একই ধরনের ছিনতাইয়ের ঘটনাগুলির সঙ্গেও তাঁদের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও একাধিক ছিনতাইয়ের রহস্যের কিনারা হতে পারে বলে মনে করছে তদন্তকারী পুলিশ।

এদিকে, মাত্র ৩৬ ঘন্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার এবং ছিনতাইয়ে ব্যবহৃত বাইক উদ্ধারের ঘটনায় পূর্ব আগরতলা থানার পুলিশের তৎপরতা নিয়ে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। এখন পলাতক অপর অভিযুক্তকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধারের দিকেই নজর তদন্তকারীদের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande