
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ভারত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ থেকে রফতানিকারক দেশে পরিণত হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে, জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত ডিআরডিও ও শিল্প সেক্টরের যৌথ সম্মেলন ‘বিমর্শ ২০২৬’-এ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড’-এর মাধ্যমে স্টার্ট-আপগুলিকে অনুদান প্রদান করা হচ্ছে এবং বহু প্রযুক্তি ইতিমধ্যেই উৎপাদন পর্যায়ে পৌঁছেছে। এছাড়া, ‘আই-ডেক্স’ প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবনের জন্য একটি নতুন বাস্তুতন্ত্র গড়ে তুলেছে, যেখানে স্টার্ট-আপগুলি আমাদের প্রকৃত কর্মক্ষমতা-সংক্রান্ত প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে বিভিন্ন সমাধান তৈরি করছে। ভারত এখন প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ থেকে রফতানিকারক দেশে পরিণত হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে।
রাজনাথ সিং বলেন, সাম্প্রতিক বছরগুলিতে প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা যে সংস্কার দেখেছি, তা নজিরবিহীন। আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনার অধীনে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছি যা পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়েছে। ‘পজিটিভ ইন্ডিজেনাইজেশন লিস্ট’ (দেশীয়করণের তালিকা) হোক, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ, কিংবা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বাজেটের ২৫ শতাংশ বেসরকারি ক্ষেত্রের জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত—এসবই আপনারা দেখেছেন ও অনুভব করেছেন। প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই। ‘আত্মনির্ভরশীলতা’ বলতে কেবল এখানে কিছু যন্ত্রাংশ, ক্ষেপণাস্ত্র, অস্ত্র-সরঞ্জাম বা প্ল্যাটফর্ম তৈরি করা বোঝায় না। আত্মনির্ভরশীলতা আমাদের চরিত্রের অংশ হওয়া উচিত; এটি আমাদের মানসিকতার অবিচ্ছেদ্য অংশ হওয়া প্রয়োজন। যে দেশের নিজস্ব প্রযুক্তি রয়েছে, নিজের ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষমতাও সেই দেশেরই থাকে। তাই আমাদের আত্মা, মন, চিন্তা ও চেতনায় আত্মনির্ভরশীলতার বোধ থাকা জরুরি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ