
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): বীর যদুনন্দন সিং— ইতিহাসের নেপথ্যে যাঁর বীরত্বগাঁথা আজও সাধারণ মানুষের কাছে অনেকাংশে অজানা, এবার তা প্রকাশিত হল বইয়ের পাতায়। ১৯৪৬ সালের ১৬ আগস্ট ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর সময় কলকাতার ভয়াবহ হিন্দু গণহত্যার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছিলেন যদুনন্দন সিং। অবিভক্ত ভারত থেকে কলকাতাকে বিচ্ছিন্ন করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রকে তিনি ভেস্তে দিয়েছিলেন। গোপাল মুখোপাধ্যায়ের (গোপাল পাঁঠা) পাশাপাশি যদুনন্দন সিংয়ের এই ঐতিহাসিক ভূমিকা বহু মানুষেরই অজানা ছিল।
উল্লেখ্য, বীর যদুনন্দন সিং বিহারের ছাপরা জেলার গোরাইনপুর গ্রামের এক সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। অন্যদিকে, এই অনন্য ইতিহাসের ওপর কলম ধরেছেন লেখক সুজিত ঘোড়াই। তিনি কলকাতার ধাপা অঞ্চলের বাসিন্দা এবং ওই এলাকাতেই তাঁর কর্মকান্ডের পরিধি সীমাবদ্ধ ছিল।
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১৯৪৬— গ্রেট ক্যালকাটা কিলিং, ‘বীর যদুনন্দন সিং’ পুস্তকটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটে। রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের হাতেই এই বইটি উন্মোচিত হয়।
এদিনের বিশেষ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন শ্রী সিংয়ের নাতি, পেশায় ইঞ্জিনিয়ার শান্তনু সিং। যিনি বিশেষ এই পুস্তক প্রকাশ অনুষ্ঠানের টানেই সুদূর বিদেশ থেকে কলকাতায় ছুটে এসেছেন। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং তমোঘ্ন ঘোষ প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত