মার্কিন মুলুকে বাণিজ্যিক বিমানচালকের লাইসেন্স পেলেন হাফলঙের তরুণ প্রায় দু’বছরের কঠোর প্রশিক্ষণ ও পরীক্ষায় সাফল্য, গর্বিত ডিমা হাসাও
হাফলং (অসম), ১৬ সেপ্টেম্বর (হি. স.): হাফলং তথা ডিমা হাসাওয়ের জন্য গর্বের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দু’বছরের কঠোর প্রশিক্ষণ ও একাধিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে বাণিজ্যিক বিমানচালকের লাইসেন্স অর্জন করলেন হাফলঙের তরুণ বিমানচালনা-প্রত্
Pilot


হাফলং (অসম), ১৬ সেপ্টেম্বর (হি. স.): হাফলং তথা ডিমা হাসাওয়ের জন্য গর্বের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দু’বছরের কঠোর প্রশিক্ষণ ও একাধিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে বাণিজ্যিক বিমানচালকের লাইসেন্স অর্জন করলেন হাফলঙের তরুণ বিমানচালনা-প্রত্যাশী হর্ষবর্ধন উপাধ্যায়। তিনি হৃষিকেশ উপাধ্যায় ও আরতি উপাধ্যায়ের পুত্র।

বিমানচালক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হর্ষবর্ধন প্রায় দু’বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্টুয়ার্ট শহরে অবস্থিত ট্রেজার কোস্ট বিমান প্রশিক্ষণ কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের পাশাপাশি তাঁকে বিমানচালনা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষাতেও অংশ নিতে হয়। দীর্ঘ অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শেষ পর্যন্ত তিনি বাণিজ্যিক বিমানচালকের লাইসেন্স অর্জনে সফল হন।

হর্ষবর্ধনের এই সাফল্য তাঁর বিমানচালক হওয়ার স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। হাফলংয়ের মতো পাহাড়ি এলাকার এক তরুণের মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিমানচালনার প্রশিক্ষণ গ্রহণ এবং সফলভাবে বাণিজ্যিক বিমানচালকের লাইসেন্স অর্জনের ঘটনা স্থানীয় যুবসমাজের কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ।

তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে সর্ব অসম গোর্খা ছাত্র ইউনিয়নের হাফলং কলেজ শাখা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, হর্ষবর্ধনের এই অর্জন শুধু তাঁর পরিবার বা হাফলংয়ের জন্য নয়, সমগ্র ডিমা হাসাওয়ের জন্যও গর্বের বিষয়। তাঁর সাফল্য বিমানচালনা পেশায় আগ্রহী তরুণ-তরুণীদের পাশাপাশি গোটা অঞ্চলের যুবসমাজকে নতুন স্বপ্ন দেখতে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে।

প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে আন্তর্জাতিক পরিসরে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার পথে হর্ষবর্ধনের এই সাফল্য নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। তাঁর এই কৃতিত্বে হাফলং ও ডিমা হাসাওয়ের বিভিন্ন মহলে আনন্দ ও অভিনন্দনের বার্তা পৌঁছেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande