দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনিক বৈঠক: ডিজে ও মাদকের ব্যবহারে কড়া হুঁশিয়ারি
জলপাইগুড়ি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজগঞ্জের বিডিও কার্যালয় সংলগ্ন কন্যাশ্রী ভবনে বুধবার পূজা কমিটিগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূজার অনুমতি প্রদান,
দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনিক বৈঠক: ডিজে ও মাদকের ব্যবহারে কড়া হুঁশিয়ারি


জলপাইগুড়ি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজগঞ্জের বিডিও কার্যালয় সংলগ্ন কন্যাশ্রী ভবনে বুধবার পূজা কমিটিগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূজার অনুমতি প্রদান, বিদ্যুৎ ও অগ্নিনির্বাপক বিভাগের ছাড়পত্র এবং পুলিশি অনুমতি সহ বিভিন্ন প্রশাসনিক নিয়মাবলী বিশদে জানানো হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও শুভঙ্কর দাস, রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস, বিদ্যুৎ বিভাগ, দমকল বিভাগ এবং ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। প্রশাসনের তরফে পূজা প্যান্ডেল এবং প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ডিজে ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন, বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পূজা প্রাঙ্গণে যে কোনো ধরনের মাদকদ্রব্যের সেবন ও ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বজায় রাখার বিষয়েও পূজা কমিটিগুলিকে সতর্ক করে দেওয়া হয়।

বিডিও শুভঙ্কর দাস জানান, পূজার অনুমতি পাওয়ার প্রক্রিয়া এবং যাবতীয় প্রশাসনিক নিয়মকানুন সম্পর্কিত প্রাথমিক তথ্য কমিটিগুলির কাছে তুলে ধরা হয়েছে। রাজ্য সরকারের চূড়ান্ত গাইডলাইন বা নির্দেশিকা পৌঁছানোর পর পুনরায় বৈঠক ডেকে পূজা কমিটিগুলিকে প্রয়োজনীয় দিকনির্দেশ প্রদান করা হবে। সর্বোপরি, সমস্ত নিয়ম মেনে রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের ওপর জোর দিয়েছে রাজগঞ্জ ব্লক প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande