
কাকদ্বীপ, ১৬ সেপ্টেম্বর (হি.স.):
টানা বৃষ্টিতে মাটি সরে গিয়ে ভেঙে পড়ল গ্রামের মূল সংযোগকারী সেতু। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ সেতু ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভেঙে যাওয়া সেতুর অবশিষ্ট অংশের উপর বাঁশ ফেলে এখনও ঝুঁকি নিয়ে পারাপার করছেন অনেকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মহিলা ও স্কুলপড়ুয়ারা। বুধবার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজনগর ও ফটিকপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে চুনকুড়ি নদী। প্রায় ৩০ বছর আগে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নদীর উপর কাঠের সেতু তৈরি করা হয়। সময়ের সঙ্গে একাধিকবার মেরামত হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। তাঁদের দাবি, প্রতি নির্বাচনের আগে কাঠের সেতুর পরিবর্তে কংক্রিটের সেতু তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
ফটিকপুর গ্রামের প্রায় চার হাজার মানুষ এই সেতুর উপর নির্ভরশীল। প্রতিদিন প্রায় দু’হাজার মানুষ সেতুটি ব্যবহার করেন। পঞ্চায়েত অফিস, হাইস্কুল, হাসপাতাল ও বাজারে যাওয়ার প্রধান পথ এটি। সেতু ভেঙে যাওয়ার পর অধিকাংশ বাসিন্দা প্রায় তিন কিলোমিটার ঘুরপথে যাতায়াত করছেন।
অন্ধকার নামলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। দ্রুত সেতু মেরামত এবং স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাইট: দীপঙ্কর জানা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী; নিশিকান্ত জানা, মন্টু পাত্র ও লক্ষ্মণচন্দ্র সামন্ত, স্থানীয় বাসিন্দা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়