
বাসন্তী, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : জমিতে ইঁদুর মারার জন্য অবৈধভাবে পাতা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দম্পতির। ঘটনায় গুরুতর আহত ১৩ বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার ছোট কলা হাজরা গ্রামে।
বুধবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুকুমার সর্দার তার ধানের জমিতে ইঁদুর মারার জন্য বাড়ি থেকে দেড় হাজার ফুট দূর থেকে হুকিং করে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ টেনে জমিতে ফাঁদ পাতে। অভিযোগ, পাশেই অন্যের জমি থাকা সত্ত্বেও কাউকে কিছু না জানিয়েই সে এই ফাঁদ পাতে। আর এতেই ঘটে বিপদ।
মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির ১৩ বছরের এক কিশোর মাছ ধরার লোভে জাল পাততে ওই জমিতে যায়। তখনই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি দেখতে পেয়ে তার বাবা ছুটে আসে। ছেলেটি ধাক্কা মেরে বাবাকে সরিয়ে দিলেও বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ছেলেটি ছুটে গিয়ে তার মাকে ডেকে আনে। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী হাত ধরে টানতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির।
মৃতদের পরিবারের অভিযোগ কাউকে কিছু না জানিয়েই অবৈধ ভাবে এই বিদ্যুতের ফাঁদ পাতা হয়েছিল। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই বাসন্তী থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় মূল অভিযুক্ত সুকুমার সর্দারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হবে। অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের পরিবেশ।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা