
পাটনা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিহারের পাটনা জেলার দুই জায়গায় অভিযান চালাল আবগারি দফতর। বুধবার আবগারি দফতরের বিশেষ দলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২০৪ লিটার বিদেশি মদ উদ্ধার হয়েছে।
প্রথম অভিযান চালানো হয় কদমকুয়া থানার পূর্বী লোহানিপুর এলাকায়। সেখানে তল্লাশি চালিয়ে ১১২.৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজা সাহানি ও শঙ্কর কুমারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। দু’জনই বর্তমানে পলাতক বলে জানা গেছে।
এরপর দিদারগঞ্জ থানার ফতেহপুর চক এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৯১.৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য তাঁকে পাটনা জেলা আবগারি দলের হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার আবগারি দফতর সূত্রে জানা গেছে, দুই অভিযানে উদ্ধার হওয়া মদ ও গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য জেলা আবগারি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস