
হুগলি , ১৬ সেপ্টেম্বর (হি.স.): বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বিশেষ বাইক র্যালিতে অংশ নিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। বুধবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি হুগলির দেবানন্দপুর থেকে হাওড়ার দেউলটি পর্যন্ত এই বাইক র্যালির আয়োজন করা হয়। শরৎচন্দ্রের সাহিত্য ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ কর্মসূচি বলে জানা যায়।
দেবানন্দপুর থেকে শুরু হওয়া র্যালিতে অংশগ্রহণ করে সুবীর নাগ বলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য বাংলা সংস্কৃতি ও সমাজজীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাঁর জন্মভূমি থেকে দেউলটি পর্যন্ত এই র্যালি তাঁর স্মৃতিকে স্মরণ করার পাশাপাশি তাঁর সাহিত্যকীর্তিকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শরৎচন্দ্রের সার্ধশত জন্মবর্ষকে ঘিরে আয়োজিত এই কর্মসূচিতে সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA