
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): পবিত্র বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার এই পুণ্যলগ্নে বিশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে দেশের নির্মাণকাজে যুক্ত সমস্ত কারিগর, শ্রমজীবী ও দক্ষ কর্মীদের প্রতি।
এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প বাস্তবায়নে কারিগর ও শ্রমিকদের দক্ষতা এবং নিরলস পরিশ্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গঠনের এই মহৎ যাত্রায় তাঁদের সমস্ত প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে এবং সর্বাত্মক উৎসাহ জোগাতে সরকার ও প্রশাসন সম্পূর্ণ দায়বদ্ধ।
দেবশিল্পী বিশ্বকর্মার বন্দনা করে প্রধানমন্ত্রী আরও জানান, তিনি শাশ্বত, অপার, এবং স্বয়ং বিজয়ী। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড যাঁর রূপ, সেই জগতপতি বিশ্বকর্মার চরণে প্রণাম জানিয়ে দেশের সমৃদ্ধি ও অগ্রগতির কামনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শিল্প ও প্রযুক্তির এই যাত্রায় কারিগরদের অবদানকে দেশ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ