
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : শেষ পর্যন্ত সভাপতি পদে ইস্তফা দিলেন অজিত বন্দ্যোপাধ্যায়। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) তরফেও এক জরুরি বার্তায় সবিস্তারে তা জানানো হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশকের ময়দানি সফরের পর সেই পদে ইতি টানলেন আইএফএ-এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইএফএ-র সচিবের কাছেই অনুমোদিত সমস্ত সংস্থার সদস্যদের উদ্দেশ্যে লেখা তাঁর একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
ওই পদত্যাগপত্রে অজিত বাবু এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ষাটের দশকে কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য হিসেবেই কলকাতা ময়দানে প্রবেশের পর থেকে আইএফএ-র সভাপতি আসনে বসে ফুটবলের সেবা করার সুযোগ পাওয়া তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। সভাপতি হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গেই সংশ্লিষ্ট দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলেও এদিন চিঠিতে লিখে জানিয়েছেন তিনি।
তবে বয়সের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অজিত। তাঁর বক্তব্য, বর্তমানে তিনি ইতিমধ্যেই যে বয়সে পৌঁছেছেন, তাতে আর কিছুদিন পরেই এই পদে থাকার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়তে পারেন। সেই পরিস্থিতির জন্য অপেক্ষা না করে আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবং তাঁর আশা, আগামী প্রজন্মের প্রশাসকেরা বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
চলতি কলকাতা ফুটবল লিগ যাতে সুষ্ঠু ভাবে শেষ হয়, মূলত সেই কারণেই এতদিন পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন বলেও জানিয়েছেন তিনি।
পদত্যাগপত্রের শেষাংশে অজিত বাবু আরও লিখেছেন যে, পদ থেকে সরে দাঁড়ালেও ফুটবলের প্রতি তাঁর ভালবাসা অটুট থাকবে। আইএফএ তাঁর কাছে পরিবারের মতো। ভবিষ্যতেও আইএফএ-র শুভাকাঙ্ক্ষী হিসেবেই থাকতে চান তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত