
নন্দীগ্রাম, ১৮ সেপ্টেম্বর (হি.স.):
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলের কালীঘাট শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে শুক্রবার মনোনয়ন প্রত্যাহার করেন। এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের কথা ঘোষণা করেন। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পুরনো একটি খুনের মামলায় গ্রেফতার করা হল মিলন প্রধানকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো একটি খুনের মামলায় মিলন প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তাঁর নামে ওয়ারেন্টও জারি হয়েছিল। শুক্রবার প্রচারের সময় তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের অভিযোগ, উপনির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, এটি পুলিশের আইনি প্রক্রিয়ার বিষয় এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
নন্দীগ্রামে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা। তার আগে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারির ঘটনায় নির্বাচনী পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়