সাত লক্ষাধিক পরীক্ষার্থী, ৮২৬টি কেন্দ্র : আগামী ১৪ অক্টোবর শেষ হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এ বছর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় মোট ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭
সাত লক্ষাধিক পরীক্ষার্থী, ৮২৬টি কেন্দ্র : আগামী ১৪ অক্টোবর শেষ হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এ বছর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় মোট ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

শিক্ষা সংসদ সূত্রে খবর, পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজ্যজুড়ে ২১০৫টি ভেন্যু এবং ৮২৬টি মূল পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পাশাপাশি পরীক্ষা চলাকালীন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ছুটির বিষয়েও কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা চলাকালীন যে কোনও ধরণের ছুটি নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মী বা শিক্ষককে সংসদের আঞ্চলিক কার্যালয় থেকে পূর্ব অনুমতি নিতে হবে।

জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, স্বামী ও স্ত্রী উভয়েই যদি সরকারি বা আধা-সরকারি পদে কর্মরত হন, তবে পরীক্ষা চলাকালীন যে কোনও এক জনই ছুটি পাবেন। এর জন্য আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় স্বঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এ ছাড়াও, যদি কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মীর সন্তান বা সন্তানসম নিজ স্কুলেই পরীক্ষায় বসে, তবে সেই কর্মীকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে দূরে রাখা হবে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতেই তাঁদের পরীক্ষা প্রক্রিয়া থেকে বিরত রাখা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার ফলাফল ঘোষিত হবে ৯ অক্টোবর। প্রাথমিক সময়সূচী অনুযায়ী, নির্বাচনের দিনগুলিতেও পরীক্ষা নির্ধারিত ছিল। এই কারণে গত ১০ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে তিন দিনের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে করম পূজার কারণেও পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছিল। ফলে যে পরীক্ষা আগামী ৭ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল, তা পিছিয়ে আগামী ১৪ অক্টোবর অর্থাৎ দুর্গা পূজার চতুর্থীর দিন সমাপ্ত হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande