
গয়া, ২ সেপ্টেম্বর (হি.স.): অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (ওটিএ), গয়ায় আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে ২৯তম পাসিং আউট প্যারেড। এই অনুষ্ঠানে শর্ট সার্ভিস কমিশন, টেকনিক্যাল এন্ট্রি (পুরুষ)-এর ৬৫তম কোর্সের ২১৮/২১৯ জন অফিসার ক্যাডেট এবং শর্ট সার্ভিস কমিশন, টেকনিক্যাল এন্ট্রি (মহিলা)-এর ৩৬তম কোর্সের ৩৫ জন অফিসার ক্যাডেট অংশ নেবেন। কঠোর সামরিক প্রশিক্ষণ শেষ করে তাঁরা দেশের সেবায় সামরিক কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পথে এগিয়ে যাবেন।
দু’দিনের এই অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে ওটিএ গয়ার পক্ষ থেকে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে গৌরব পদক সম্মান অনুষ্ঠান, পাসিং আউট প্যারেড, পিপিং সেরেমনি এবং শপথ গ্রহণ অনুষ্ঠান। গৌরব পদক সম্মান অনুষ্ঠানে সিম্ফনি ব্যান্ডের পাশাপাশি মল্লখম্ব, কলারিপয়ট্টু ও গটকার মতো ঐতিহ্যবাহী এবং আকর্ষণীয় প্রদর্শনীও থাকবে।
অনুষ্ঠানে নাগরিক বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি অফিসার ক্যাডেটদের পরিবারের সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। বিভিন্ন নামী স্কুলের পড়ুয়া, ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)-এর দল এবং বিভিন্ন ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশ নেবেন। তরুণদের মধ্যে দেশপ্রেম ও রাষ্ট্রসেবার মনোভাব জোরদার করা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীতে কর্মজীবন গড়ে তুলতে তাঁদের উৎসাহিত করাই এর অন্যতম উদ্দেশ্য।
কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সে ক্যাডেটদের সম্মান
সামার টার্ম-২০২৬-এর পাসিং আউট অনুষ্ঠানের ধারাবাহিকতায় ওটিএ গয়ার বিজয় অডিটোরিয়ামে কমান্ড্যান্ট অ্যাওয়ার্ডস সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওটিএ গয়ার কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ সিং, অতি বিশিষ্ট সেবা মেডেল (এভিএসএম), উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেটদের পুরস্কৃত করেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ সিং। খেলাধুলা, ড্রিল, ঘোড়সওয়ারি, শারীরিক প্রশিক্ষণ, আউটডোর ক্যাম্প, সার্ভিস ও অ্যাকাডেমিক বিষয় ছাড়াও অস্ত্র প্রশিক্ষণে ভালো পারফরম্যান্স করা ক্যাডেটদের সম্মানিত করা হয়। পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স করা বিভিন্ন কোম্পানিকেও ট্রফি দেওয়া হয়েছে।
২০১১ সালে প্রতিষ্ঠিত ওটিএ গয়া
২০১১ সালের ১৮ জুলাই ওটিএ গয়া প্রতিষ্ঠিত হয়। এটি ভারতীয় সেনাবাহিনীর দেশে তৃতীয় এবং সর্বশেষ প্রতিষ্ঠিত প্রি-কমিশনিং ট্রেনিং অ্যাকাডেমি। প্রতিষ্ঠার পর থেকেই এই অ্যাকাডেমি সামরিক প্রশিক্ষণ, শৃঙ্খলা ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ সামরিক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অ্যাকাডেমির প্রতীকচিহ্নে পরস্পরকে ছেদ করা দুটি তলোয়ারের মাঝে ধর্মচক্র রয়েছে। এই প্রতীক অ্যাকাডেমির মূল মূল্যবোধ ও সামরিক ঐতিহ্যের প্রতিফলন। প্রতীকচিহ্নের নীচে দেবনাগরী লিপিতে অ্যাকাডেমির মূলমন্ত্র ‘শৌর্য, জ্ঞান, সংকল্প’ লেখা রয়েছে।
এই মূলমন্ত্রের প্রতি অঙ্গীকারের সঙ্গে ওটিএ গয়া সামরিক প্রশিক্ষণরত ক্যাডেটদের মধ্যে সাহস, জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্বের দক্ষতা এবং দেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেয়। আগামী ৫ সেপ্টেম্বরের ২৯তম পাসিং আউট প্যারেড একদিকে যেমন ক্যাডেটদের প্রশিক্ষণপর্বের সমাপ্তি চিহ্নিত করবে, তেমনই তাঁদের সামরিক জীবনের নতুন অধ্যায়ের সূচনাও হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য