
চেন্নাই, ২ সেপ্টেম্বর (হি.স.): বড় ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের সমস্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। বুধবার বিধানসভায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ঘোষণা করেছেন, জীবিকা, অধিকার ও ন্যায্য দাবির সমর্থনে শান্তিপূর্ণ আন্দোলনের জেরে ২০২১ সালের মে মাস থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। মানবিক দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক নীতি ও গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই সরকার কৃষক ও শিক্ষকদের পাশে দাঁড়াবে এবং তাঁদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাবে। তিরুবন্নামালাই জেলায় 'সিপকট' শিল্পতালুক-বিরোধী আন্দোলনে অংশ নেওয়া কৃষকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল এবং কয়েকজনের বিরুদ্ধে 'গুণ্ডা আইন'-এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছিল। একইভাবে, পারান্দুরে কৃষি জমি, জলাশয় ও জীবিকা হারানোর আশঙ্কায় নতুন বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে কৃষকরা লাগাতার আন্দোলন করেছিলেন এবং বিমানবন্দর পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছিলেন; তাঁদের বিরুদ্ধে পূর্ববর্তী সরকার অমানবিক উপায়ে মামলা দায়ের করেছিল যা এখনও বিচারাধীন। সেই সব মামলাও প্রত্যাহার করা হবে; এই পদক্ষেপ গণতান্ত্রিক অধিকারকে আরও সুদৃঢ় করবে এবং সাধারণ মানুষ ও সরকারের মধ্যে পারস্পরিক আস্থাকে আরও জোরদার করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ