
বাগুইআটি, ২০ সেপ্টেম্বর (হি.স.): রবিবার দুপুরে বাগুইআটিতে বাড়িতে ঢুকে এক যুবককে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম বলরাম রাজবংশী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ।
জানা গিয়েছে, বলরামের বাবা-মা কিছুক্ষণের জন্য পাশের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। এরপর বলরামকে খুন করে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। বাড়ি থেকে প্রায় দুই লক্ষ টাকা লুঠ করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। বাড়ির ভিতরে ঢুকে পুলিশ দেখতে পায়, বিভিন্ন জিনিসপত্র তছনছ হয়ে রয়েছে। একটি আলমারিও খোলা অবস্থায় ছিল। তবে সেখানে কোনও টাকা-পয়সা বা গয়না পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বলরামের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এবং কেন এই খুন, লুঠের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কি না—সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকায় জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়