
ঝাড়্গ্রাম, ২০ সেপ্টেম্বর ( হি.স.): আদিবাসী সমাজের উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভুয়ো এসটি (তফসিলি জনজাতি) শংসাপত্রের বিরুদ্ধে লড়াই জোরদার করার ডাক দিল ‘ওয়েস্ট বেঙ্গল আদিবাসী নার্সিং অ্যাসোসিয়েশন’। সংগঠনের উদ্যোগে রবিবার ঝাড়গ্রামের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিনপুরের বিধায়ক ডা. প্রণত টুডুকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাঁকুড়া মেডিকেল কলেজের জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট আরতি কিস্কু বলেন, প্রত্যন্ত এলাকার বহু মানুষ এখনও চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতার দিক থেকে পিছিয়ে রয়েছেন। তাই গ্রামে গ্রামে স্বাস্থ্য সচেতনতা শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাপে কামড়ানো বা স্ট্রোকের মতো জরুরি পরিস্থিতিতে ওঝা বা ঝাড়ফুঁকের উপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়ে মানুষকে সচেতন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষা ও সচেতনতার অভাবে আদিবাসী সমাজের বহু মানুষ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন। তাই শিক্ষা, স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য।ভুয়ো এসটি শংসাপত্র নিয়েও সরব হন সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, ভুয়ো শংসাপত্রের মাধ্যমে অনেকে সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছেন। এর ফলে প্রকৃত আদিবাসীরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই ধরনের শংসাপত্রের বিরুদ্ধে আগামী দিনে আরও জোরদার আন্দোলন করা হবে বলে জানান সংগঠনের প্রতিনিধিরা।এদিনের অনুষ্ঠানে সংগঠনের আগামী দিনের কর্মসূচি এবং আদিবাসী সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সামাজিক উদ্যোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো