হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সরব উমেশ রাই
হাওড়া, ২০ সেপ্টেম্বর (হি.স.): হাওড়ার ঘুসুড়ির টিএল জয়সওয়াল হাসপাতালে লোডশেডিংয়ের সময় জেনারেটর বিকল থাকায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনায় রবিবার প্রতিক্রিয়া জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই। তাঁর দাবি, খবর পাওয়ার পরই হাসপাতালে একটি বেসরকারি
হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সরব উমেশ রাই


হাওড়া, ২০ সেপ্টেম্বর (হি.স.): হাওড়ার ঘুসুড়ির টিএল জয়সওয়াল হাসপাতালে লোডশেডিংয়ের সময় জেনারেটর বিকল থাকায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনায় রবিবার প্রতিক্রিয়া জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই। তাঁর দাবি, খবর পাওয়ার পরই হাসপাতালে একটি বেসরকারি জেনারেটর এনে বিদ্যুৎ পরিষেবা সচল রাখার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ ওই হাসপাতালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি জরুরি বিভাগও অন্ধকারে ডুবে যায়। জেনারেটর কাজ না করায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মোমবাতি এবং মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় পরিষেবা চালিয়ে যেতে দেখা যায়। ঘটনায় রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এই প্রসঙ্গে রবিবার উমেশ রাই বলেন, হাসপাতালের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার জন্য জেনারেটর রাখা রয়েছে। প্রযুক্তিগত কারণে সেটি বিকল হতে পারে। তবে খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্যার সমাধানে পদক্ষেপ করা হয় এবং হাসপাতালে জেনারেটর এনে বিদ্যুৎ পরিষেবা চালু রাখা হয়।

হাসপাতালের জেনারেটর দীর্ঘদিন ধরে বিকল থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে উমেশ রাইয়ের বক্তব্য, গত কয়েক বছরে হাসপাতালের রোগী সহায়তা কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিরা জেনারেটর মেরামত বা নতুন জেনারেটরের ব্যবস্থা করতে পারেননি। সম্প্রতি নতুন কমিটি দায়িত্ব নিয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, নতুন কমিটি মাত্র কয়েক দিন আগে দায়িত্ব নিয়েছে। বর্তমানে বিধায়ক শুধু আনুষ্ঠানিক দায়িত্বে রয়েছেন, সরকারি আধিকারিকও এখনও দায়িত্বে আসেননি। ফলে জেনারেটর কেনা বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখনই নতুন কমিটির হাতে নেই।

লোডশেডিংকে কেন্দ্র করে ঘটনাটি নিয়ে রাজনৈতিক বিতর্ক না করার বার্তাও দেন প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য, বিদ্যুৎ বিভ্রাট হতেই পারে। কিন্তু সেই সময় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা কাজ না করায় সমস্যা তৈরি হয়েছিল। খবর পাওয়ার পর দ্রুত জেনারেটর এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য অন্যান্য জায়গার বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। আগাম প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উমেশ রাই।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande