সুনাগরিক তৈরিই এনসিসি-র মূল লক্ষ্য, দাবি মেজর জেনারেল অনুরাগ ভিজ-এর
আগরতলা, ২০ সেপ্টেম্বর (হি.স.) : কেবলমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদানই এনসিসি-র মূল উদ্দেশ্য নয়, বরং শৃঙ্খলা, ঐক্য, দেশপ্রেম ও দায়িত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ করে ক্যাডেটদের একজন ভালো ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এনসিসি-র অন্যতম প্রধান লক্ষ্য। র
এনসিসি ক্যাডেটদের শিবির


আগরতলা, ২০ সেপ্টেম্বর (হি.স.) : কেবলমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদানই এনসিসি-র মূল উদ্দেশ্য নয়, বরং শৃঙ্খলা, ঐক্য, দেশপ্রেম ও দায়িত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ করে ক্যাডেটদের একজন ভালো ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এনসিসি-র অন্যতম প্রধান লক্ষ্য। রবিবার আগরতলায় ভগৎ সিং যুব আবাসে ১৫ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি-র উদ্যোগে আয়োজিত সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে এই কথা বলেন এনসিসি-র উত্তর-পূর্বাঞ্চলের এডিশনাল ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল অনুরাগ ভিজ।

ভগৎ সিং যুব আবাসে ১২ সেপ্টেম্বর থেকে ১০ দিনের জন্য শুরু হয়েছিল ১৫ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি-র কম্বাইন্ড এনুয়াল ট্রেনিং ক্যাম্প বা সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবির। রবিবার ছিল এই প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি-র উত্তর-পূর্বাঞ্চলের এডিশনাল ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল অনুরাগ ভিজ-সহ এনসিসি-র আধিকারিক, প্রশিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাডেটরা।

সমাপ্তি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেজর জেনারেল অনুরাগ ভিজ বলেন, এনসিসি-র প্রশিক্ষণের পরিধি শুধুমাত্র সামরিক কৌশল বা আর্মড ফোর্সের প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। ক্যাডেটদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্ববোধ গড়ে তোলার উপরও সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে তাঁরা যাতে দেশের একজন ভালো ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সেই লক্ষ্যেই এনসিসির বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালিত হয়।

তিনি জানান, সম্মিলিত বার্ষিক প্রশিক্ষণ শিবিরে ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন আধুনিক বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাইবার প্রশিক্ষণ, ড্রোন পরিচালনা ও প্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ এবং আপদ মিত্র প্রশিক্ষণ। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগ মোকাবিলায় প্রাথমিক ভূমিকা গ্রহণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে ক্যাডেটদের ধারণা দেওয়া হয়েছে।

বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা ও প্রযুক্তির গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এনসিসি ক্যাডেটদের এই ধরনের আধুনিক প্রশিক্ষণের আওতায় আনার বিষয়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসার মানসিকতা তৈরির উপরও গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে।

মেজর জেনারেল অনুরাগ ভিজ রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের এনসিসি-র সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান। তাঁর মতে, শিক্ষাজীবন থেকেই শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধের মতো গুণাবলি অর্জন করলে ভবিষ্যৎ জীবনে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে এনসিসি-র প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande