
কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : জয়ী বাংলা পৌঁছলো সেমিফাইনালে। রবিবার অন্ধ্রপ্রদেশের মাটিতে একটানা তৃতীয় খেলাতেও জয় তুলে নিয়েছে বাংলার মেয়েরা।
উল্লেখ্য, জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ড. টি আও ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে বাংলা দল। একটানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে থেকে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিল বাংলার মেয়েরা। রবিবার সকালে গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছল তারা।
এদিন, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় বাংলাকে। একাধিকবার রাজস্থানের রক্ষণে চাপ তৈরি করলেও প্রথম দিকে গোলের মুখ খুলতে পারেনি তারা। প্রথমার্ধের ৪০ মিনিটে আসে কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি। এদিন বাংলার হয়ে গোল করেছেন দিয়া বিশ্বাস। প্রথমার্ধের খেলায় তাঁর গোলেই এগিয়ে যায় বাংলা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য একাধিক সুযোগ তৈরি করেছিল বাংলা। তবে রাজস্থানের রক্ষণও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। শেষ পর্যন্ত আর কোনও গোল হয়নি। ১-০ ব্যবধানে ম্যাচ শেষ করে পূর্ণ তিন পয়েন্ট সুনিশ্চিত করেছে বাংলা।
উল্লেখ্য, গ্রুপ পর্বে টানা তিনটি জয় বাংলার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তবে এবার সেমিফাইনালে আরও কঠিন পরীক্ষা বাংলার মেয়েদের। কিন্তু গ্রুপের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করাই এখন লক্ষ্য বাংলার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত