গাঙ্গু পাতার টুপি তৈরিতে বাঁচছে পরম্পরা, জামশেদপুরে আদিবাসী মহিলাদের উপার্জনের দিশা
জামশেদপুর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বিকল্প কর্মসংস্থানের সুযোগ যখন সীমিত, তখন জঙ্গল থেকে সংগৃহীত বিশেষ ‘গাঙ্গু’ পাতার সাহায্যে ঐতিহ্যবাহী টুপি তৈরি করে স্বনির্ভরতার পথ খুঁজে নিচ্ছেন ঝাড়খণ্ডের গ্রামীণ এলাকার আদিবাসী মহিলারা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে হ
গাঙ্গু পাতার টুপি তৈরিতে বাঁচছে পরম্পরা


জামশেদপুর, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বিকল্প কর্মসংস্থানের সুযোগ যখন সীমিত, তখন জঙ্গল থেকে সংগৃহীত বিশেষ ‘গাঙ্গু’ পাতার সাহায্যে ঐতিহ্যবাহী টুপি তৈরি করে স্বনির্ভরতার পথ খুঁজে নিচ্ছেন ঝাড়খণ্ডের গ্রামীণ এলাকার আদিবাসী মহিলারা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে হস্তশিল্পের এই প্রাচীন ধারাকে যেমন তাঁরা বাঁচিয়ে রাখছেন, তেমনই স্থানীয় হাট, মেলা ও রাস্তার ধারে তা বিক্রি করে সংসারে জোগাচ্ছেন বাড়তি আয়ের রসদ।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবিদ যমুনা টুডু এই উদ্যোগের কথা তুলে ধরে জানান, মালিন গ্রামে প্রায় ১০টি মহিলা স্বনির্ভর দল বর্তমানে এই ঐতিহ্যবাহী পাতা দিয়ে টুপি তৈরির কাজে যুক্ত রয়েছে। স্থানীয় আদিবাসী সংস্কৃতিতে তৈরি এই টুপিগুলি প্রখর রোদ থেকে মাথা বাঁচাতে অত্যন্ত কার্যকর। পাশাপাশি লোকবিশ্বাস অনুযায়ী, বর্ষার মরশুমেও বৃষ্টি থেকে সাময়িক সুরক্ষা পেতে এই টুপি ব্যবহার করা হয়।

যমুনা টুডু বলেন, জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে এই মহিলারা নিপুণ হাতে ঐতিহ্যবাহী টুপি তৈরি করেন। এরপর সেই টুপিগুলি স্থানীয় মেলা, বাজার ও রাস্তার পাশে বিক্রি করা হয়। আমাদের এই অঞ্চলে কৃষিকাজই অধিকাংশ পরিবারের প্রধান জীবিকা, বিকল্প রোজগারের সুযোগ এখানে খুবই সীমিত। ফলে সীমিত সুযোগের মাঝে এই হস্তশিল্প স্থানীয় গ্রামীণ আদিবাসী মহিলাদের পরিবারে বাড়তি উপার্জনের এক বড় সংস্থান তৈরি করে দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande