
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি স): নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের আবেদন খারিজ করল কাঁথি আদালত।
আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেলবন্দি থাকতে হবে নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থীকে।
৬ অক্টোবর হবে ভোট। অর্থাৎ ভোটের দিনও জেলেই থাকতে হবে তাঁকে। যদিও কিছুটা স্বস্তি পেয়েছেন জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। যে মামলায় তিনি গ্রেফতার হয়েছেন, সেটি বাদে সমস্ত মামলাই প্রত্যাহার করে নিয়েছে রাজ্য।
মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য। এরপরেই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সংক্রান্ত আবেদন জানান মিলন প্রধানের আইনজীবী। একইসঙ্গে দ্রুত শুনানিরও আবেদন জানানো হয়। এক্ষেত্রে আইনজীবীর যুক্তি, নন্দীগ্রাম উপ নির্বাচনে মিলন প্রধান কংগ্রেসের প্রার্থী। ভোটের দিন ক্রমশ এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে দ্রুত তাঁর জামিনের আবেদনের শুনানি হওয়া প্রয়োজন। সেই আবেদনই খারিজ করে দেয় আদালত।
বলে রাখা প্রয়োজন, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন ও পরবর্তী সময়ে মোট ১১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল মিলন প্রধানের বিরুদ্ধে। এর মধ্যে দুটি মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত