
ধর্মশালা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের কাংড়া জেলায় চিট্টা-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৫.৯২ গ্রাম (চিট্টা) উদ্ধার করা হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কাংড়া পুলিশের সিআইএ দলের সদস্যরা বুধবার গভীর রাতে ধর্মশালা থানার অধীন সুধেড় খাস এলাকায়, চাম্বি-ধর্মশালা সড়কে বিশেষ তল্লাশি চালান। সেই সময় চাম্বির দিক থেকে আসা একটি গাড়িকে থামিয়ে তল্লাশি করা হয়।তল্লাশির সময় গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৫.৯২ গ্রাম মাদক (চিট্টা) উদ্ধার হয়। এরপর ঘটনাস্থলেই দু’জনকে গ্রেফতার করে সিআইএ দল। তাঁদের বিরুদ্ধে ধর্মশালা থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এদিন পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন দলবিন্দর সিং ( ৪০)। তিনি কাংড়া জেলার জওয়ালি তহসিলের জোল গ্রামের বাসিন্দা। অপর ধৃতের নাম সূরজ সাহু(২০)। তাঁর বাড়ি পাঞ্জাবের অমৃতসর জেলার মজিঠা রোড এলাকার গুরু গোবিন্দ সিং নগরে।
ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মশালা পুলিশ। মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের গোটা চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস