
পূর্ব বর্ধমান, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : রক্ষকই ভক্ষক! মন্দির প্রণামীর লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে উধাও দায়িত্বে থাকা নতুন সেবাইত। অভিযুক্তদের বাড়ির উঠোন, ঝোপঝাড়-জঙ্গল ও মাটির তলা থেকে উদ্ধার হল প্রায় ৪ লক্ষ টাকা।
পূর্বস্থলী ১ ব্লকের উঁচু চাপাহাটির এক মন্দিরে এই ঘটনা ঘটেছে। নাদনঘাট থানার পুলিশ গ্রেফতার করেছে ৪ জনকে। ধৃতরা তপন ভৌমিক, সুশান্ত ভৌমিক, সবুজ শীল ও শ্রীকৃষ্ণ বারুই। ধৃতদের শুক্রবার কালনা আদালতে তোলা হলে বিচারক তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে, শান্তি প্রভু নামে নিখোঁজ সেবাইতের খোঁজ চালাচ্ছে পুলিশ। তিনিই মূল অভিযুক্ত বলে সন্দেহ।
চলতি মাসের শুরুতেই নাদনঘাট থানার উঁচু চাঁপাহাটির পাঁচশো বছরের বেশি প্রাচীন একটি মন্দিরের পুরনো সেবাইতকে আর্থিক দুর্নীতির অভিযোগে সরিয়ে নতুন সেবাইতকে আনেন গ্রামবাসীরা।
পরেরদিন ওই সেবাইত ট্যাঙ্ক ভর্তি টাকা সকলের সামনে আনেন।
তিনি জানান, তালা লাগানো দুটি ঘর থেকে সেগুলি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ১৪ লক্ষ ২৩ হাজার টাকা গোনার পরেই সকলের মনে ওই সেবাইতের সম্পর্কে স্বচ্ছ ধারণা জন্মায়।
এরপরই অবশ্য পটবদল! ওইদিন সন্ধ্যায় একটি ভিডিও ভাইরাল হতেই চোখ কপালে ওঠে সকলের।
ভিডিওয় দেখা যায়, এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে শান্তি প্রভুর নেতৃত্বে ঘর ভাঙা হচ্ছে। তাঁদের সন্দেহজনক গতিবিধি দেখে গ্রামবাসীরা ওই সেবাইতকেও আর রাখতে চায় না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত