দীনদয়াল-এর নীতি-আদর্শেই বিজেপি-র পথচলা : রতন ঘোষ
আগরতলা, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী শুক্রবার ত্রিপুরায় যথাযথ মর্যাদায় পালিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের প্রথম সারির নেতৃবৃন্দ ও কার
পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়


আগরতলা, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী শুক্রবার ত্রিপুরায় যথাযথ মর্যাদায় পালিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের প্রথম সারির নেতৃবৃন্দ ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, রাজনৈতিক দর্শন ও সাংগঠনিক অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রদেশ বিজেপি নেতৃত্ব রতন ঘোষ বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নীতি, আদর্শ, বিচারধারা এবং ‘একাত্ম মানবতাবাদ’ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর দর্শনই বিজেপির রাজনৈতিক চিন্তাধারার অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। রতন ঘোষের বক্তব্য, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে আদর্শ ও চিন্তাধারা সামনে রেখেছিলেন, তার উপর ভিত্তি করেই বিজেপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, পূর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকার থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ ও চিন্তাধারাকে সামনে রেখে কাজ করছে।

রতন ঘোষ জানান, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় স্তর থেকে শুরু করে দেশের প্রতিটি বুথ স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। তাঁর জীবন ও দর্শন সম্পর্কে দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে বক্তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সমাজের অন্তিম সারিতে থাকা মানুষের উন্নয়ন এবং সামগ্রিক মানবকল্যাণের ভাবনার কথাও তুলে ধরেন। জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানেও বিজেপি-র উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande