বন্ধ আদালত, সাধারণ মানুষের হয়রানি বাড়ছে
বারুইপুর,২৫ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা আদালতে আইনজীবীদের লাগাতার কর্মবিরতির কারণে সমস্যায় পড়ছেন সাধারণ বিচারপ্রার্থীরা। দূর দুরান্ত থেকে প্রতিদিনই বিচারের জন্য আদালতে মানুষজন ভিড় করলেও কোন কাজই আদালতে হচ্ছে না বলে দাবি তা
বন্ধ আদালত, সাধারণ মানুষের হয়রানি বাড়ছে


বারুইপুর,২৫ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা আদালতে আইনজীবীদের লাগাতার কর্মবিরতির কারণে সমস্যায় পড়ছেন সাধারণ বিচারপ্রার্থীরা। দূর দুরান্ত থেকে প্রতিদিনই বিচারের জন্য আদালতে মানুষজন ভিড় করলেও কোন কাজই আদালতে হচ্ছে না বলে দাবি তাঁদের। আইনজীবীদের কর্মবিরতির কারণে আদালত চত্বর কার্যত বন্ধ। সাধারণ মানুষের হয়রানি দিনের পর দিন বাড়ছে।

গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার আদালত চত্বরে সামান্য ঝামেলা হয়। আইনজীবী তথা সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে ও অন্যান্য আইনজীবীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। তাঁদেরকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামেন বারুইপুর আদালতের আইনজীবীরা। গত বুধবার আদালতের মূল প্রবেশদ্বার বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বৃহস্পতিবারও আদালতে কোন কাজ করেননি আইনজীবীরা। এরপর শুক্রবার ফের নতুন করে ধর্না মঞ্চ তৈরি করে প্রতিবাদে সামিল হয়েছেন আইনজীবী সংগঠনের সদস্যরা।

বিক্ষোভকারী আইনজীবীদের দাবি, ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। আর সেই কারণেই এবার কাজ বন্ধ রেখে আন্দোলনের পথে আইনজীবীরা। যদি অভিযুক্তরা গ্রেফতার না হয় তাহলে দীর্ঘতর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

এদিকে আইনজীবীদের এই কর্মবিরতি ও আন্দোলনের জেরে বারুইপুর মহকুমা আদালতে কার্যত সমস্ত কাজ বন্ধ থাকায় বিচার প্রার্থীরা সমস্যায় পড়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে আদালতে কাজ শুরু হোক। কুলতলির বাসিন্দা সবিতা সাফুই বলেন, “ গত তিনদিন ধরে আদালতে আসছি, কিন্তু কোন কাজ হচ্ছে না। প্রতিদিন প্রায় ৫০ কিমি রাস্তা অতিক্রম করে আসতে হচ্ছে, কাজ না হওয়ায় ফিরে যাচ্ছি। এতে সময় ও অর্থ দুই নষ্ট হচ্ছে। জানিনা কবে আদালতে কাজ চালু হবে!”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande