সাত দফা দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হরিজন উন্নয়ন সমিতি
আগরতলা, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির সদর বিভাগীয় কমিটি। হরিজন সম্প্রদায়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে এদিন জেলা প্র
জেলা শাসককে ডেপুটেশন


আগরতলা, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির সদর বিভাগীয় কমিটি। হরিজন সম্প্রদায়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে এদিন জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের প্রতিনিধিরা।

সংগঠনের অন্যতম দাবি, সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী হরিজন পরিবারগুলির বসবাসের জমি দ্রুত বন্দোবস্ত করা। পাশাপাশি আর্থিকভাবে দুর্বল হরিজনদের সামাজিক ভাতা প্রদানেরও দাবি জানানো হয়েছে।

এছাড়া আগরতলা পুর নিগমের অধীন তপশিলি দফতরের পরিচালনায় থাকা হরিজন আবাসনগুলির দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। বিভিন্ন হরিজন কলোনিতে নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা করার জন্যও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি।

ডেপুটেশনে হরিজন ছাত্র-ছাত্রীদের বন্ধ হয়ে যাওয়া স্টাইপেন্ড পুনরায় চালু করার দাবি বিশেষভাবে তুলে ধরা হয়। পাশাপাশি বেকার হরিজন যুবক-যুবতীদের সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার দাবিও জানানো হয়েছে।

এদিনের ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন বাম বিধায়ক সুদীপ সরকার। তিনি জানান, হরিজন সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা প্রশাসনের সামনে তুলে ধরা হয়েছে। দাবিগুলি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, জেলা প্রশাসন বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande