
কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স. ) : আদালতের নির্দেশে অমান্য করে কীভাবে একই জায়গায় নতুন নির্মাণকাজ কাজ শুরু বল, তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
শুক্রবার পুর কমিশনার স্মিতা পান্ডে হাজির হন আদালতে। বেআইনি নির্মাণ ভাঙার পর সেখানে ফের নির্মাণকাজ শুরু হওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পুরসভার আইনজীবীর বক্তব্যে যথেষ্ট তথ্যের অভাব আছে বলে পর্যবেক্ষণ করে আদালত।
বিষয়টি এদিন পুর কমিশনারের কাছ থেকে জানতে চাওয়া হয়।
এদিন স্মিতা পাণ্ডের সামনে মহারাষ্ট্রে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে প্রধান বিচারপতির বলেন, “সেখানে বিএমসি, থানে, কল্যাণ দম্বি ভ্যালি, নবি মুম্বাই করপোরেশনের মতো অন্তত ৮-১০ টি পুর নিগমের মামলার অভিজ্ঞতা থেকে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে কমিশনারের কাছে, সব খবর পৌঁছয় না। তাঁকে খুব নির্দিষ্ট করে কিছু খবর দেওয়া হয়। ফলে শহরের কোথায় কি ঘটছে, তাঁর অনেকটাই তার কাছে অন্ধকারে থাকে।
এখানেও এত সিরিয়াস একটা ঘটনা, অথচ পুরসভার আইনজীবীর অজ্ঞতার বিষয়টা জানানোর জন্য আপনাকে ডাকতে হল। হাইকোর্ট চায় এমন বেআইনি নির্মাণ হাইকোর্টের নির্দেশে ভাঙার পর আর যেন কোনোভাবেই সেখানে নির্মান না হয় সেটা নিশ্চিত করতে হবে।”
আগামী ১৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যকে বেআইনি নির্মাণ ভাঙার ব্যাপারে হাইকোর্টের নির্দেশ নিয়ে ইতিবাচক রিপোর্ট দিতে হবে বলে জানান বিচারপতি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত