
আগরতলা, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার আগরতলায় মুক্তধারা হলে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন, কর্ম ও সমাজ ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংশ্লিষ্ট দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিধায়ক মীনা রানি সরকার, পুর নিগমের কাউন্সিলরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং সমাজের শেষ সারিতে থাকা মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার যে চিন্তাধারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তুলে ধরেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
মুখ্যমন্ত্রী বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’ ভাবনার মূল লক্ষ্য ছিল সমাজের প্রান্তিক ও বঞ্চিত মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। তাঁর চিন্তাধারায় সাধারণ মানুষের কল্যাণ, সামাজিক সাম্য এবং সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছিল। বর্তমান সময়েও তাঁর এই ভাবনা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিশা দেখাতে পারে বলে উল্লেখ করেন তিনি।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ ও চিন্তাধারা থেকে অনুপ্রেরণা নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
এদিনের অনুষ্ঠানে বক্তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের রাজনৈতিক ও সামাজিক দর্শন, তাঁর সাংগঠনিক ভূমিকা এবং দেশ ও সমাজের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁর জন্মজয়ন্তী উপলক্ষয়ে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে আগরতলায় মুক্তধারা হলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ