
কাঠমাণ্ডু, ২৬ সেপ্টেম্বর (হি.স.): গত ২৬ আগস্টের সেই বিভীষিকাময় হড়পা বানের এক মাস অতিক্রান্ত। কিন্তু প্রকৃতির চরম তাণ্ডবে সর্বস্ব হারানো মানুষগুলোর চোখের জল এখনও শুকোয়নি। নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের বাইরে তৈরি 'ওয়াল অফ হোপ'-এ (আশার দেওয়াল) এখনও ঝুলছে নিখোঁজ স্বজনদের ছবি। অলৌকিক কোনও প্রত্যাশায় সেই ছবির সামনে বুকভরা আশা আর চোখে জল নিয়ে ভিড় জমাচ্ছেন শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।
তিব্বত-নেপাল সীমান্ত জুড়ে আছড়ে পড়া ওই বিধ্বংসী বন্যায় এখনও পর্যন্ত অন্তত ১,৪৫১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সরকারি ও উদ্ধারকারী দলগুলির তথ্য অনুযায়ী, এক মাস পেরিয়ে গেলেও এখনও ৫ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ। সময়ের সঙ্গে সঙ্গে নিখোঁজদের জীবিত ফিরে পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে এলেও, হাসপাতাল চত্বরের সেই 'আশার দেওয়াল' আজও প্রিয়জনের ফিরে আসার এক চিলতে ভরসা হয়ে রয়েছে স্বজনহারা মানুষগুলির কাছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ